টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে কার্যালয় দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, বাসাইল শাখায় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানান। পরে শাখা ব্যবস্থাপকসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বাসাইল শাখার ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের দোতলায় ঘুমিয়ে ছিলেন। নিরাপত্তাকর্মীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত নিচে নেমে আগুন নেভানোর কাজে অংশ নেন। আগুনে কার্যালয়ের ফটক ও ভবনের দরজা আংশিক পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দিয়েছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গ্রামীণ ব্যাংক টাঙ্গাইলের জোনাল ব্যবস্থাপক আলী আহসান জানান, মঙ্গলবার রাতে বাসাইল শাখা এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে দুটি শাখাতেই তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
একই রাতে দুটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এআইএল/সকালবেলা