কাল মামুনুল হকের নির্বাচনী সমাবেশ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

কাল মামুনুল হকের নির্বাচনী সমাবেশ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এছাড়া ১১-দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে যোগ দেবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা-১৩ আসনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা এবং নির্বাচিত হলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত (মোহাম্মদপুর ও আদাবর এলাকা), যেখানে জোটের প্রার্থী মামুনুল হকের শক্ত অবস্থান রয়েছে।

ইতিমধ্যেই মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোটের নেতা-কর্মীদের মাঝে এই সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সকাল থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা জনসভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন