ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ১৯৭১ সালে পাকিস্তানিরা জনগণের রায়কে মূল্যায়ন না করে লুণ্ঠন করেছিল বলেই তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারাও যদি জনগণের রায়কে মেনে না নেন, তাহলে এ দেশের তরুণরা কঠিন ভাষায় তার জবাব দেবে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই সভার আয়োজন করে।
জামায়াত আমির তার বক্তব্যে দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী একটি দল সরকার গঠন করবে এবং আরেকটি দল বিরোধী দলের ভূমিকায় থাকবে। সরকার সঠিক পথে চললে আমরা তাদের সব ভালো কাজে সহযোগিতা করব। কিন্তু সরকার জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তা কঠিন ভাষায় প্রতিহত করা হবে। নির্বাচিত হয়েই বর্তমান সরকার বিভিন্ন জায়গায় প্রশাসন দলীয়করণ ও জনগণের রায়কে অমান্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, সরকারের ব্যর্থতা চাইলে আমরা এখনই রাস্তায় নেমে আন্দোলন করতাম। আমরা চাই সরকার সফল হোক; কিন্তু সরকারই যদি উল্টো পথে হাঁটে, তাহলে আমাদের তো আর কিছু করার থাকবে না।
সরকারকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আসুন, জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করি এবং এ দেশের মানুষ কী চায় তা শুনুন। যদি জুলাই সনদ মেনে নেওয়া না হয়, তবে হাদি, ফেলানী কিংবা আবরার ফাহাদের মতো শহীদদের আত্মত্যাগ ও রক্ত বৃথা যাবে, যা দেশের জনগণ কখনোই হতে দেবে না। পাকিস্তানকে গণরায় না মানার খেসারত দিতে হয়েছিল উল্লেখ করে তিনি পুনরায় সতর্ক করে বলেন, আপনারাও জনগণের রায় মেনে না নিলে জাতি আপনাদের ছেড়ে দেবে না; আমরা সংসদে ও সংসদের বাইরে এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি।
‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, চিরকাল অম্লান থাকুক এই মহিমা’ শীর্ষক স্লোগানে আয়োজিত এই আলোচনা সভা পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ঢাকা মহানগর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ