ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৫ মার্চ ২০২৬) মধ্যরাতে উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন— মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪); সদর উপজেলার হাফিজুর রহমান (৪০); মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮); সরিষাবাড়ি উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫), মো. সবুজ মিয়া (৪০) এবং বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে কয়েকটি ছোট যানে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ পেট্রোলের সন্ধান পায়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এলাকাবাসী তেলসহ অভিযুক্তদের আটক করার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত তেল পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় নিলামের ব্যবস্থা করা হবে।"
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্রটি সরকারি তেল পাচার বা ভেজাল জ্বালানি বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ