ময়মনসিংহে স্বাস্থ্যকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহে স্বাস্থ্যকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন সিটি প্রশাসক

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন নগরীর স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে আকস্মিক পরিদর্শনে নেমেছেন। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় তিনি নগর মাতৃসদন ও বিভিন্ন নগর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন চলমান স্বাস্থ্যসেবার মান, চিকিৎসা সরঞ্জামাদির প্রাপ্যতা এবং রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর পরিচালনায় এসব কেন্দ্রে যেসব সেবা প্রদান করা হচ্ছে:

  • গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী বিশেষায়িত সেবা।

  • নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা।

  • পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং সাধারণ রোগের চিকিৎসা।

  • সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং পুষ্টি সেবা।

পরিদর্শন শেষে প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন বলেন, “নগরবাসীকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। সেবাপ্রার্থীরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত ও কার্যকর চিকিৎসা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে।” তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, নগর মাতৃসদনের ইনডোর সেবা ২৪ ঘণ্টা চালু রয়েছে। আউটডোর সেবা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া এসব কেন্দ্রে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১০% কম মূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন