বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা নিবেদন এমপি রফিকুল ইসলাম বাচ্চুর

বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা নিবেদন এমপি রফিকুল ইসলাম বাচ্চুর

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে অবস্থিত ঐতিহাসিক গণকবর ও বধ্যভূমিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের রেললাইনের পাশে নির্মম নির্যাতন চালিয়ে দুই নারীসহ ১২ জন নিরীহ বাঙালিকে হত্যা করে। পরবর্তীতে তাঁদেরকে একই স্থানে গণকবর দেওয়া হয়। শহীদদের তালিকায় রয়েছেন— আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী, হানিফ মিয়া, ছালেহা বেগম ও রুকিয়া বেগম।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “যাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে স্মরণ করে না, তারা মূলত স্বাধীনতায় বিশ্বাস করে না। আজ আমরা যাঁদের শ্রদ্ধা জানাতে এসেছি, তাঁদের মধ্যে একজন নববধূও ছিলেন। পাক-হানাদার বাহিনী তাঁকে বিয়ের আসর থেকে তুলে এনে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করেছিল। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই বীর শহীদদের স্মরণ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আক্ষেপ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা সঠিকভাবে প্রকাশ পায়নি। এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের চাওয়া শহীদদের প্রতি এই শ্রদ্ধা যেন কেবল বিশেষ দিনেই সীমাবদ্ধ না থেকে সারা বছর বজায় থাকে।”

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন