ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ইশতেহার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে চরম অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গত ৫ ফেব্রুয়ারি ইমেইল ও সরাসরি আবেদনের মাধ্যমে জাতীয় সম্প্রচার মাধ্যমে ইশতেহার প্রচারের অনুরোধ জানানো হলেও শেষ মুহূর্ত পর্যন্ত বাসদকে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি।
বাসদ কেন্দ্রীয় দপ্তর জানায়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে ইশতেহার প্রচারের আবেদনপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি গণমাধ্যম সূত্রে জানা যায়, বিএনপি সহ আটটি রাজনৈতিক দলের বক্তব্য প্রচারের জন্য বিটিভি-কে চিঠি দিয়েছে ইসি। এই সংবাদ দেখে বাসদ-এর পক্ষ থেকে ইসির জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কোনো আবেদন পাননি বলে জানান। তবে হোয়াটসঅ্যাপে রিসিভ কপি পাঠানোর পর তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।
অভিযোগ উঠেছে, ৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত কোনো উত্তর না পেয়ে রুহুল আমিন মল্লিকের মোবাইলে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর এপিএস কামরুল জানান যে স্যার মিটিংয়ে আছেন। অবশেষে ৯ ফেব্রুয়ারি দুপুরে পুনরায় যোগাযোগ করা হলে এপিএস দাবি করেন, চিঠিটি বিটিভিতে পাঠানো হয়েছে।
ইসিতে সুরাহা না পেয়ে বাসদ প্রতিনিধিরা বিটিভির উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব মোঃ ফখরুল আলমের সাথে যোগাযোগ করেন। তিনি মহাপরিচালকের (ডিজি) সাথে কথা বলতে বলেন। পরবর্তীতে বিটিভির জিএম জনাব নূরুল আজম জানান যে, ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ইশতেহার রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে এবং তারা বাসদ-এর কোনো চিঠি পাননি।
নির্বাচনের আগমুহূর্তে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের নায্য অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই গড়িমসি ও সমন্বয়হীনতাকে ‘দায়িত্বহীনতা’ হিসেবে দেখছে বাসদ। দলটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব দলের সমান সুযোগ নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালন না করে কমিশন কেন এই ধরণের বৈষম্যমূলক আচরণ করছে?
| আজকের তারিখঃ বঙ্গাব্দ