ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ লগ্নে ময়মনসিংহে বিশাল শক্তিমত্তা প্রদর্শন করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ ও বিশাল প্রচার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিহিংসামুক্ত ও সম্প্রীতির রাজনীতির অঙ্গীকার করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
নগরবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আবু ওয়াহাব আকন্দ বলেন, “এবারের নির্বাচন শুধু সদরের জন্য নয়, বরং পুরো জাতির অস্তিত্বের লড়াই। আমরা ক্ষমতায় গেলে কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদ বোধ করে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও বৈষম্যহীন দেশ গড়তে আপনারা ধানের শীষকে বিজয়ী করুন।”
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি ময়মনসিংহের স্থানীয় প্রশাসন দেশ ও জাতির স্বার্থে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে তাদের ইমানি দায়িত্ব পালন করবে।” তিনি অবহেলিত সদর আসনের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে তাকে সুযোগ দেওয়ার জন্য সদরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশ শেষে আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর টাউন হল, জিলা স্কুল মোড়, নতুন বাজার ও চরপাড়া এলাকা প্রদক্ষিণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। দুপুরের পর থেকেই নগরীর ৩৩টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৯৯টি ওয়ার্ড থেকে ছোট-বড় অসংখ্য মিছিল ব্যানার-ফেস্টুনসহ সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকে। এতে পুরো ময়মনসিংহ নগরী ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
নির্বাচনী এই শোডাউনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ