ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা এই মামলায় তাকে 'শ্যোন অ্যারেস্ট' দেখানো হয়েছে। ফলে আইনি প্রক্রিয়ার মারপ্যাঁচে তার কারামুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেল।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডা. আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন প্রদান করেন। তবে কারাগার থেকে মুক্তির আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেলিম মণ্ডল হত্যা মামলায় (মামলা নম্বর ৪১) গ্রেপ্তার দেখানোর আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত বৃহস্পতিবার যেসব মামলায় তিনি জামিন পেয়েছিলেন তার মধ্যে রয়েছে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটিতেও তিনি জামিন পান। তবে নতুন এই মামলায় গ্রেপ্তারের ফলে বর্তমানে কারাগারে থাকা সাবেক এই মেয়রের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। এর মধ্যে পাঁচটি মামলায় জামিন পেলেও এই নতুন মামলাটি তার কারামুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত বছরের (২০২৫ সালের) ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পৈত্রিক নিবাস ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি বিভিন্ন পর্যায়ক্রমে একের পর এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ