ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট-এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এক মোলাকাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সিলেটের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই মিলনমেলায় সংগঠনের অতীত ও বর্তমান নেতৃত্বের মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং সাংগঠনিক অগ্রযাত্রার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন,
"দেশের জনগণকে বাতিল চিন্তা-চেতনা ও বিভ্রান্তি থেকে বিরত রেখে সঠিক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখাই জমিয়তের মূল দায়িত্ব। আদর্শিক দৃঢ়তা, ইলমভিত্তিক নেতৃত্ব ও নৈতিক রাজনীতির মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"
তিনি ছাত্র জমিয়তের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং সিলেট জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী। এছাড়াও সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নেজাম উদ্দিন এবং ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক নগর সভাপতি মাওলানা বাহাউদ্দীন বাহার ও মুহাম্মদ আবু খয়েরের যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন, ছাত্র জমিয়ত অতীতের ন্যায় আগামীতেও আদর্শিক রাজনীতি, নৈতিক নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাবে। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ