টানা ছয় দফা বাড়ার পর কমলো সোনার দাম

টানা ছয় দফা বাড়ার পর কমলো সোনার দাম

টানা ছয় দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৪ মার্চ) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) ও রৌপ্যের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়, যা গতকাল মঙ্গলবার ছিল দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। গত সোমবার (২ মার্চ) এর দাম ছিল দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমেছে।

অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকাল ছিল দুই লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা। এতে দিনের ব্যবধানে দাম কমেছে আট হাজার ৮৪৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম সাত হাজার ৫২২ টাকা কমে দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায়। আর সনাতনী পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছয় হাজার ৫৮৯ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। তবে নির্ধারিত মূল্যের সাথে সরকারকে ৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে যা ক্রেতাদের কাছ থেকে আদায় করা হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পতন লক্ষ্য করা গেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৫৩১ টাকা, ২১ ক্যারেট ছয় হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ টাকা এবং সনাতনী পদ্ধতির প্রতি ভরি রুপা চার হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের ওঠানামার কারণেই এই দর সমন্বয় করা হয়েছে, যা টানা মূল্যবৃদ্ধির পর ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন