অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ পূর্তিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনী প্রধানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৪ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন যে, বিএনপি সরকার গঠন করার পর গত দুই সপ্তাহ তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি একনেকের বিকল্প সভাপতি হিসেবে কাজ করছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তার ওপর আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা: তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে লেখেন,

"আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।"

একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা এবং সরকার গঠনে সহযোগিতার জন্য তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৭ বছরের শাসনকালকে 'বিশৃঙ্খল' অভিহিত করে তিনি বলেন, একদিনে সব পরিবর্তন সম্ভব নয়, তবে বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সবশেষে তিনি দেশবাসীর অব্যাহত সমর্থন ও দোয়া কামনা করেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন।

এ/সকালবেলা

মন্তব্য করুন