যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ২৩ বাংলাদেশি
অনলাইন ডেস্ক: আমেরিকায় স্থায়ী হওয়ার স্বপ্ন ভেঙে দেশে ফিরেছেন আরও ২৩ জন বাংলাদেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন ট্রাম্প প্রশাসন বিশেষ ফ্লাইটে তাঁদের বাংলাদেশে পাঠায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরের দিকে ‘আমনি এয়ার’-এর একটি বিশেষ ভাড়াটে চার্টার্ড ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এই ব্যক্তিরা ২০১৪ সালের দিকে জীবিকার তাগিদে এবং উন্নত ভবিষ্যতের আশায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে তাঁরা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ কয়েকটি মধ্যবর্তী দেশ হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে মার্কিন সীমান্ত পার হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে প্রবেশের পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাঁরা বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় শর্ত উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে মার্কিন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পরিচালনা করে ট্রাম্প প্রশাসন এবং চূড়ান্ত পর্যায়ে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।
ঢাকায় পৌঁছানোর পর ইমিগ্রেশন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পাদনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর পক্ষ থেকে সহায়তার হাত বাড়ানো হয়। ব্র্যাকের ইমার্জেন্সি অ্যান্ড রিকভারি প্রজেক্টের উদ্যোগে ফেরত আসা প্রতিটি যাত্রীকে জরুরি সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের জন্য হালকা খাবারের বন্দোবস্ত করা হয়।
বিমানবন্দরের সব ধরনের প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তা আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাঁরা বিমানবন্দর ত্যাগ করেন।
|