বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও, সমাধানের আশ্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও, সমাধানের আশ্বাস

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের সামনে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ট্রান্সফরমার দীর্ঘ দুই মাস ধরে বিকল হয়ে পড়ে থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন ট্রান্সফরমার বসানোর নামে স্থানীয় বিদ্যুৎ কার্যালয় থেকে ৮০ হাজার টাকা দাবি করা হয় এবং পরবর্তীতে ২৫ হাজার টাকা নেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সংযোগ দেওয়া হয়নি। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের নিয়মিত অফিসে না থাকা, ফোন না ধরা এবং মিটার না দেখেই মনগড়া বিল তৈরির গুরুতর অভিযোগ তোলেন তারা।

এ বিষয়ে মারিশ্যা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা জনবল সংকট ও কারিগরি সীমাবদ্ধতার কথা স্বীকার করে আগামী রোববারের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন