চলতি বছরের মধ্যেই বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চলতি বছরের মধ্যেই পুনরায় চালুর প্রাথমিক কার্যক্রম শুরু করা এবং নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে রাষ্ট্রীয় এসব সম্পদ সচল করতে বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা চালু, বেসরকারিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।
বৈঠকের সিদ্ধান্তসমূহ নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত চালুর পথে প্রধান বাধা—আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে কাজের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি খাতের অংশীদারিত্বে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করতে আগামী ২০২৬ সালের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানকে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয় বলে জানান তিনি।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এআইএল/সকালবেলা
|