ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল আমিরাত

২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে বসবে তিন দিনের বৈশ্বিক সম্মেলন

প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল আমিরাত
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
আজ ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আমন্ত্রণের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।
আমিরাতের এ নেতা বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তিনি প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’।
এই সম্মেলন একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতি খুঁজে দেখেন।
বার্ষিক এই সমাবেশ অংশগ্রহণকারী দেশগুলোকে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের আকৃষ্ট করা ওই আয়োজনে সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এই সম্মেলনের লক্ষ্য।