দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ণ
দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ

অর্থনৈতিক প্রতিবেদক: দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

আজ রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে বিকেলে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল বসাতে চায়, তাদের সরকার ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেবে। তবে সোলার প্যানেলের গুণগত মান নিশ্চিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গও তোলেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। সাধারণ মানুষ এগুলোকে লোডশেডিং ভাবলেও সমিতির মতে, এর বড় অংশই সরবরাহ ব্যবস্থার কারিগরি ত্রুটি। এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়েও সভায় আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার পর গ্রাহকেরা পুরো টাকা দেখতে পান না। বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় গ্রাহকদের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে। এ ছাড়া মিটারের ভাড়া বাতিল করা হলেও এ-সংক্রান্ত পরিপত্র জারি না হওয়ায় কোথাও কোথাও এখনো মিটার ভাড়া কাটা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ পরিস্থিতিতে মোবাইল ফোনের মতো প্রিপেইড মিটারেও গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো অঙ্কই দেখা যায়—এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবটি মন্ত্রী গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও বৈঠকে উত্থাপন করা হয়। দোকান মালিকদের অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত গ্রাহকের বাসা ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এ ধরনের চুরি রোধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

এআইএল/সকালবেলা