অপতথ্য ও গুজব ছড়ানো একটি অপরাধ: ডা. জাহেদ উর রহমান

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
অপতথ্য ও গুজব ছড়ানো একটি অপরাধ: ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: অপতথ্য ও গুজব ছড়ানো যে একটি দণ্ডনীয় অপরাধ, তা অনেক সময় সমাজ উপলব্ধি করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনি পদক্ষেপ ছাড়া এটি রোধ করা সম্ভব নয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, সমালোচনা বা গালি দেওয়া ভিন্ন বিষয়, সেগুলোকে ‘ফেক নিউজ’ বলা যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে গুজব ও অপতথ্য: কে শিকার? কে শিকারি?’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, “ফেক নিউজকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে এবং এ বিষয়ে সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। অপতথ্য ছড়ানোর মাধ্যমে ব্যক্তি বা রাষ্ট্রের যে ক্ষতি হয়, তা রোধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। তবে সমালোচনা করার অধিকার সবার আছে, সেটি যেন গুজবের সংজ্ঞায় না পড়ে।”

সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ গণমাধ্যমের স্বাধীনতা ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দেন। তিনি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন বলেন, “ডিসইনফরমেশন বা অপতথ্য এখন একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিরাই এর শিকার হন, আবার কখনো কখনো তারাই অন্যকে শিকার বানান।”

দ্য ডিসেন্ট-এর সম্পাদক ও ফ্যাক্টচেক বিশেষজ্ঞ কদরুদ্দীন শিশির উল্লেখ করেন যে, অনেক গণমাধ্যম ভুল তথ্য প্রকাশের পর তা সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দায়বদ্ধতা দেখায় না, যা আস্থার সংকট তৈরি করছে।

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ তার স্বাগত বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দকে প্রভাবিত করে এক ধরনের ‘ডিজিটাল দাসত্ব’ তৈরি করছে। মানুষ সত্য যাচাইয়ের বদলে নিজের মতের পক্ষের তথ্যকে বেশি গ্রহণ করছে। এই সংকট উত্তরণে তিনি জ্ঞানভিত্তিক গণমাধ্যম কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে অধ্যাপক আ-আল মামুন ও কাজী মামুন হায়দারের লেখা ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। এতে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক রাজীব আহমেদ, গবেষক মিনহাজ আমান এবং আজহার উদ্দিন অনিক প্রমুখ।

বক্তারা অপতথ্য রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা এবং পেশাদার ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর ভূমিকা শক্তিশালী করার দাবি জানান।

মন্তব্য করুন