ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে নানা প্রশ্ন, সমালোচকদের কড়া জবাব

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে নানা প্রশ্ন, সমালোচকদের কড়া জবাব
সোনম ওয়াংচুক

অনলাইন ডেস্ক: ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২৬ দিন অনশনে থাকার পর অবশেষে অনশন ভঙ্গ করেছেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে চলা এই আন্দোলনের সমর্থনে তিনি অনশন শুরু করেছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতি ও সরাসরি অনুরোধে তিনি পানি ও ফলের রস পান করে অনশন প্রত্যাহার করেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবি পূরণ হওয়ার আগেই অনশন ভাঙায় এবং কেন্দ্রীয় দুই মন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর সমালোচনা ও নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো গোপন 'সমঝোতা'র মাধ্যমে আন্দোলন স্থগিত করা হয়েছে।

এসব বিতর্ক ও অভিযোগের মুখে হাসপাতাল থেকেই একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোনম ওয়াংচুক। অনশন ঘিরে তৈরি হওয়া সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি বলেন, "টানা ২৬ দিন জীবন বাজি রেখে অনশন করার পরও কি আমাকে আন্তরিকতা ও বিশ্বাসের প্রমাণ দিতে হবে? চরম দুঃখ, গভীর বিস্ময়, ক্ষোভ ও আঘাত নিয়েই আমি এই ভিডিও বার্তাটি দিচ্ছি।"

তিনি জানান, দীর্ঘ ২৬ দিনের এই অনাহারে তাঁর শারীরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। অনশনের ফলে তাঁর শরীরের মাংসপেশি মারাত্মকভাবে ক্ষয়ে গেছে, ওজন কমে গেছে প্রায় ১১ কেজি এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গ ও মস্তিষ্কেও মারাত্মক ক্ষতির প্রভাব পড়েছে। এমন শারীরিক বিপর্যয়ের পরও তাঁর নিবেদিত আন্দোলন নিয়ে প্রশ্ন তোলায় গভীর হতাশা ব্যক্ত করেন এই সমাজকর্মী।

সরকারের সাথে সমঝোতার অভিযোগ খণ্ডন করে সোনম স্পষ্ট ভাষায় বলেন, "যদি সত্যিই সরকারের সঙ্গে আমাকে কোনো সমঝোতা বা আপস করতে হতো, তবে আমি কি এই দিল্লির মারাত্মক গরমে খোলা রাস্তায় ২৬ দিন অনাহারে পড়ে থাকতাম? সমঝোতা কীভাবে করতে হয়, তা তো অনেকেই ভালো বোঝেন। সেক্ষেত্রে আমি শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল ঘরে বসেই তা অনায়াসে করে নিতে পারতাম।"

এদিকে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সোনমের আশঙ্কাজনক শারীরিক অবস্থার কারণে তাঁরা নিজেরাই বেশ কয়েকবার অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, সোনম অনশন ভাঙলেও সিজেপি তাদের মূল দাবি—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রাখবে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন