নারী আফ্রিকা কাপ অব নেশনস শুরু: নজর কাড়তে প্রস্তুত যেসব তারকা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
নারী আফ্রিকা কাপ অব নেশনস শুরু: নজর কাড়তে প্রস্তুত যেসব তারকা

ক্রীড়া ডেস্ক: নারী আফ্রিকা কাপ অব নেশনসের (ওয়াফকন) ২০২৬ আসরের পর্দা উঠছে আগামীকাল রবিবার। ফুটবলপ্রেমীদের নজর কেড়ে টানা তৃতীয়বারের মতো রোমাঞ্চকর এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে মরক্কো।

ঘরের মাঠে গত দুটি আসরে টানা ফাইনালে গিয়েও হার দেখে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর নারীদের। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নিজেদের প্রথম শিরোপা উঁচিয়ে ধরতে পুরোপুরি প্রস্তুত স্বাগতিকরা।

এবারের আসরের গুরুত্ব কেবল মহাদেশীয় শ্রেষ্ঠত্বেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ফিফা নারী বিশ্বকাপের টিকিটও। টুর্নামেন্টের সেরা চার দল (সেমিফাইনালিস্ট) সরাসরি পেয়ে যাবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপের মূল পর্বের প্রবেশপত্র।

হাইভোল্টেজ এই টুর্নামেন্ট শুরুর আগে স্পটলাইটে থাকা শীর্ষ ফুটবলারদের দিকে নজর দেওয়া যাক—

  • এস্টার ওকোরোনকো (নাইজেরিয়া): নাইজেরিয়ার টানা দশম রেকর্ড শিরোপা জয়ের মূল কারিগর ছিলেন এএফসি টরন্টোর ২৯ বছর বয়সী ফরোয়ার্ড ওকোরোনকো। গত আসরে ২ গোল ও ৬টি অ্যাসিস্ট করা এই তারকাকে এবারও শিরোপা ধরে রাখার মূল ট্রাম্পকার্ড মনে করা হচ্ছে।

  • তাবিতা চাওয়িঙ্গা (মালাউই): প্রথমবারের মতো ওয়াফকনে খেলার সুযোগ পাওয়া মালাউইয়ের মূল আক্রমণের ভার লিয়ঁর ফরাসি ক্লাবকে লিগ শিরোপা জেতানো ৩০ বছর বয়সী ফরোয়ার্ড তাবিতা চাওয়াইঙ্গার ওপর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল করা প্রথম মালাউই নারী হিসেবে ইতিহাস গড়া এই তারকা বোন তেমওয়ার সঙ্গে জুটি বেঁধে বড় দলগুলোকে ধাক্কা দিতে তৈরি।

  • গিজলেন শেব্বাক (মরক্কো): মরক্কোর ৩৫ বছর বয়সী অধিনায়কের জন্য ট্রফি জয়ের এটাই হতে পারে শেষ সুযোগ। টুর্নামেন্টের সাবেক সেরা খেলোয়াড় শেব্বাকের স্বপ্ন এবার তাঁর বাবা লারবি শেব্বাকের (১৯৭৬ সালে পুরুষ আফকন জয়ী) মতো জাতীয় দলকে ট্রফি উপহার দেওয়া।

  • লিলিয়ান আওওর (কেনিয়া): দীর্ঘ আট বছর পর মূল পর্বে আসা কেনিয়ার মূল ভরসা তাদের ২৭ বছর বয়সী গোলরক্ষক আওওর। তিউনিসিয়ার বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে দুটি দুর্দান্ত সেভ করে দলকে দ্বিতীয় রাউন্ডে তোলা এই তারকাকে নিয়েই বড় স্বপ্ন দেখছে কেনিয়া।

  • নাদিন গাজি (মিসর): ২০১৬ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় দলে আত্মপ্রকাশ করা আল আহলির তারকা মিডফিল্ডার নাদিন গাজি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে স্বমহিমায় ফিরে এসে এবার দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।

  • রেফিলো জেন (দক্ষিণ আফ্রিকা): ২০২২ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার হয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার রেফিলো জেন। ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকার লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা।

  • ভার্সেনিয়া দা লুজ (কেপ ভার্দে): টুর্নামেন্টের ডেবিউট্যান্ট কেপ ভার্দেকে বড় কোনো চমক দেওয়ার স্বপ্নে নেতৃত্ব দিচ্ছেন লেফট-ব্যাক ভার্সেনিয়া দা লুজ। পেশাগত জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা ২০২০ সালের এই অধিনায়ক মূলত সম্পূর্ণ খণ্ডকালীন খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটির মূল শক্তি।

মন্তব্য করুন