বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া বন্যপ্রাণী আইন প্রয়োগ নেটওয়ার্ক (SAWEN)-এর প্রথম সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

পরিবেশ মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান আন্তঃদেশীয় ও সংঘবদ্ধ বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় আঞ্চলিক গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং যৌথ কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। সীমান্ত, পরিবহন ব্যবস্থা, বাণিজ্যিক চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম এবং আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে অপরাধী চক্র আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার পরিচালনা করছে। তাই শুধু বন্যপ্রাণী জব্দ ও অপরাধী গ্রেপ্তারের মধ্যে আইন প্রয়োগ সীমিত না রেখে এসব অপরাধের পেছনে থাকা মূল সংগঠক, অর্থদাতা ও অপরাধী নেটওয়ার্ককে শনাক্ত, তদন্ত ও নিষ্ক্রিয় করার জোর তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, অনলাইন বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় অনলাইন মনিটরিং, সাইবার তদন্ত, ডিজিটাল প্রমাণ ব্যবহার ও মানি লন্ডারিং বিরোধী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফরেনসিক ও ভূ-স্থানিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

সম্মেলনে নেপালের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার দোল প্রসাদ আরিয়াল, নেপালের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রী গীতা চৌধুরী, SAWEN-এর মহাসচিব ড. কৃষ্ণ প্রাসাদ আচার্যসহ সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন