ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
বাসস: দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আসা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তথ্যমন্ত্রী বলেন, গুণগত ও মানসম্মত উন্নয়ন অর্জন করতে হলে মেধাবী ও সৎ ব্যক্তিদের রাজনীতিতে নেতৃত্বে আনতে হবে। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে দেশে নেতৃত্বের একটি বড় সংকট তৈরি হয়েছে; তরুণ ও মেধাবীরা রাজনীতিবিদের প্রতি অনাস্থা থেকে রাজনীতি থেকে দূরে সরে গেছে। রাজনীতিকে সুসংগঠিত করা অতীব জরুরি বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যোগ্য রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে না পারলে কোনো সুফলই দীর্ঘস্থায়ী করা যাবে না।
বরিশালের সমৃদ্ধ ইতিহাস স্মরণ করে তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকসহ এই অঞ্চলের বহু বরেণ্য নেতা দেশকে পথ দেখিয়েছেন। আগামী দিনে বরিশাল অঞ্চলসহ দেশজুড়ে শিক্ষিত ও সৎ তরুণদের রাজনীতিবিদ হওয়ার অনুকূল পরিবেশ তৈরির জন্য বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এআইএল/সকালবেলা