প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবর সম্পূর্ণ মিথ্যা: প্রেস সচিব
বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বলে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর প্রেস সচিব মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী সারাদিন নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাত ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁর বহর বা ব্যবহৃত গাড়ি কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
প্রেস সচিব আরও বলেন, যেকোনো তথ্য পরিবেশনের আগে সম্মানিত সাংবাদিকদের সঠিক যাচাই-বাছাই করার অনুরোধ করা হচ্ছে, যাতে অসত্য বা বিভ্রান্তিকর কোনো সংবাদ প্রচারিত না হয়।
এআইএল/সকালবেলা