দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্ধরে কাতারের শ্রমমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা ও স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরকালে ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের একাধিক উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরসূচির অংশ হিসেবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে শ্রমবাজারের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বর্তমানে কাতারে অবস্থানরত বিশাল বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ও কল্যাণমূলক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
দোহার বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেছে, "আমরা আশা করি এই সফর কাতার ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধুত্ব, কূটনৈতিক সম্পর্ক এবং শ্রমবাজারের অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ করবে।"