রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি
সকালবেলা অনলাইন: সদ্য শপথ গ্রহণ করা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। এ উপলক্ষে বঙ্গভবনে তাঁর অভিষেক অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সূচি অনুযায়ী, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে ‘গার্ড অব অনার’ মঞ্চে অভ্যর্থনা জানাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতির সম্মানার্থে গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে আসন গ্রহণ করবেন।
এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে তিন বাহিনীর একটি যৌথ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের বাসভবনে ফিরবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির এই প্রার্থী।
এআইএল/সকালবেলা
|