অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ণ
অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিদেশে পাচার হওয়া দেশের অর্থ যেকোনো মূল্যে ফিরিয়ে আনা হবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মূলত আগামী ২০২৭ সালে এশিয়ান প্যাসিফিক গ্রুপের (এপিজি) সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুদক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, সাধারণত পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগে। তবে শেখ হাসিনাসহ অর্থ পাচারকারীদের কেউই আর শান্তিতে থাকতে পারবে না। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বিএফআইইউ ও দুদক সমন্বিতভাবে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এ লক্ষ্যে দুদকের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের জানান, দেশ থেকে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে বিএফআইইউ-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য নতুন করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দেশের অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। ওই শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, বিগত ১৪ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সে হিসাবে প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার করেছেন আওয়ামী সুবিধাভোগীরা।

এআইএল/সকালবেলা