২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। এর পাশাপাশি প্রথম ধাপে সারা দেশে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সারা দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার বর্তমানে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কারিগরি শিক্ষার সার্বিক মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যেন কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয়, সেজন্য আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার মাত্র এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপার আধুনিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।
সকালবেলা/নুসরাত