গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক

পলাশ চন্দ্র বিশ্বাস (জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ): গোপালগঞ্জে টানা তিন দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ে রদবদলের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় চলছে সার্বক্ষণিক নজরদারি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের একটি বড় অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও আধুনিক ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পূর্বের মতো নতুন করে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য পুলিশ ও বিজিবির যৌথ বাহিনী সদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় যৌথ অপারেশন টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এআইএল/সকালবেলা