৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়টি এই সফরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর ফলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান—কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অঞ্চলটিতে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে নানা সংকট, লোকসান ও অব্যবস্থাপনার কারণে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এই দুটি শিল্পপ্রতিষ্ঠান কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠান দুটি পুনরায় সচল করার বিষয়ে স্থানীয় শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরকে ঘিরে মিল দুটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও পুরোদমে সচল হওয়ার বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা