কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগ নেতা আব্দুল আলীম গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগ নেতা আব্দুল আলীম গ্রেপ্তার

ফজলে রাব্বি (কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও সফিপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় নাশকতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা-পুলিশ। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রতিক এসব নাশকতার ঘটনায় আব্দুল আলীমের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা তিনি এসব ঘটনায় অভিযুক্ত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা