ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদানের আশ্বাস প্রতিমন্ত্রী হাবিবের
বিশেষ প্রতিনিধি: ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে অনুদানের আওতায় আনার পাশাপাশি যেসব মসজিদ ও মাদ্রাসায় বেশি অর্থের প্রয়োজন রয়েছে, সেগুলো পরবর্তী সময়ে বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনের আগে তাঁরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, এলাকার অনেক বিত্তবান ব্যক্তি নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করছেন। তাঁদের এই মহৎ উদ্যোগগুলোকে উৎসাহিত করতে সরকার ও ঢাকা-৯ আসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁরা একটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এই সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সমাজের কল্যাণে যাঁরা কাজ করছেন, তাঁদের উৎসাহিত করাই মূল লক্ষ্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
অনুদানের পরিমাণ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে প্রায় সব মসজিদ ও মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা করে অনুদান দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। অতীতে কোনো কোনো প্রতিষ্ঠানকে ৩০, ৪০, ৫০ হাজার কিংবা এক লাখ টাকা দেওয়া হতো। তবে এবার প্রতিষ্ঠানগুলোর প্রকৃত প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, প্রথম পর্যায়ে ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসাকে অনুদানের আওতায় আনা হবে। যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, সেগুলো পরবর্তী ধাপে বিবেচনা করা হবে। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানে অধিক অর্থের প্রয়োজন রয়েছে, সেগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত মুরুব্বিদের কাছ থেকে ভবিষ্যতেও সুপরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন প্রতিমন্ত্রী। তাঁদের ভালোবাসা, স্নেহ ও দোয়া নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব জনহিতকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা