গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল: জ্বালানি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মহেশখালীর কুতুবদিয়ায় দেশের তৃতীয় ভাসমান সংরক্ষণাগার ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হলে বা কোনো কারণে সরবরাহ বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এতে শিল্পকারখানার উৎপাদন ও গৃহস্থালির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বাস্তবতায় ভবিষ্যতে সম্ভাব্য গ্যাস সংকট বা জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা বজায় রাখতেই নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কারিগরি ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় অধিক ধারণক্ষমতার এই নতুন ইউনিট গ্রিডের চাপ নিয়ন্ত্রণ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের জ্বালানি সক্ষমতা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। অতীতে আগস্ট মাসে একটি এফএসআরইউ বিকল হওয়ার কারণে দেশ ও জাতিকে যে চড়া মূল্য দিতে হয়েছিল, তার পুনরাবৃত্তি বর্তমান সরকার আর হতে দিতে চায় না। ওই পরিস্থিতিতে শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গৃহস্থালি গ্রাহকেরাও সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই বৈশ্বিক বাজারে প্রাপ্যতা ও নির্ভরযোগ্যতা বিবেচনা করে ২০১৬ সালে নির্মিত তুলনামূলক নতুন একটি জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন এফএসআরইউটির কারিগরি সক্ষমতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মহেশখালীতে প্রস্তাবিত এই ইউনিটের এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমান দুটি এফএসআরইউর প্রতিটির (১ লাখ ৩৮ হাজার ঘনমিটার) তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। ধারণক্ষমতা বেশি হওয়ায় এর মূলধনি বিনিয়োগ ও দৈনিক ফি কিছুটা বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশে স্থলভিত্তিক কোনো এলএনজি সংরক্ষণ অবকাঠামো না থাকায় ভাসমান সংরক্ষণাগারই একমাত্র বিকল্প। বড় ধারণক্ষমতার কারণে এতে অতিরিক্ত এলএনজি মজুত রাখার পাশাপাশি আধুনিক মস টাইপ ও মেমব্রেন টাইপ উভয় ধরনের বড় জাহাজও এই টার্মিনালে ভেড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, বড় জাহাজ ভেড়ানোর সুবিধার ফলে একসঙ্গে বেশি পরিমাণে এলএনজি কেনা সম্ভব হবে, যার মাধ্যমে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট এবং প্রতিটি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সাশ্রয় হবে। ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতি বছর প্রায় ৫০টি কার্গো বিবেচনায় নিলে শুধু বেশি পরিমাণে এলএনজি কেনার মাধ্যমেই দেশ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করতে পারবে। পাশাপাশি জাহাজগুলোর বিরতির সময় বৃদ্ধি পাওয়ায় পুরো লজিস্টিকস ও ব্যবস্থাপনা প্রক্রিয়া আরও সহজ হবে।

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত দায়িত্বশীল সরকার হিসেবে জনগণের প্রতিটি পয়সার পাই টু পাই হিসাব নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের অর্থের যেন বিন্দুমাত্র অপচয় না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ।

এআইএল/সকালবেলা