এক চাকরির পদে পাঁচ-ছয় লাখ আবেদন জমা পড়ছে: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ
এক চাকরির পদে পাঁচ-ছয় লাখ আবেদন জমা পড়ছে: মির্জা ফখরুল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪ কোটিতে গিয়ে ঠেকেছে এবং চাকরির বাজারে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটিমাত্র পদের বিপরীতে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই তীব্র বেকারত্ব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "আমাদের দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক রয়েছেন, অথচ সেই অনুপাতে চাকরির পর্যাপ্ত ক্ষেত্র নেই। রাতারাতি এর সমাধান না হলেও বর্তমান সরকার অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনার নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। এ জন্য প্রথাগত শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষায় তরুণদের বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।"

সরকারের ৫ মাসের কাজের মূল্যায়নের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, "সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ৫ মাস যেতে না যেতেই দেশে নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। গণতান্ত্রিক পরিবেশে এসব মতামত থাকবেই। তবে আমাদের মনে রাখতে হবে, অর্জিত নতুন সুযোগ যেন আমরা হেলায় হারিয়ে না ফেলি। একে কাজে লাগিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।"

বিগত শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, "গত ১৭ বছরে দেশের সার্বিক অর্থনীতিকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রের প্রতিটি গণতান্ত্রিক ও প্রশাসনিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার এখন সেই ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পুনর্গঠন ও সচল করার কাজ করছে।

মন্তব্য করুন