মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ইরানি রাষ্ট্রদূত

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ইরানি রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: মক্কা চুক্তিকে ইরানবিরোধী কোনো জোট হিসেবে তেহরান দেখছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী। বরং এটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার লক্ষণ হিসেবেই দেখছে ইরান। বাংলাদেশ এই জোটে যুক্ত হলেও এতে তেহরানের কোনো উদ্বেগ নেই বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ইরানি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই। একইভাবে তুরস্ক ও পাকিস্তান ইরানের খুব নিকটতম বন্ধু। ফলে ‘মক্কা চুক্তি’ নিয়ে ইরান কোনো দ্বিধাদ্বন্দ্বে নেই। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তাই ঢাকার কোনো স্বাধীন সিদ্ধান্ত নিয়ে তেহরান চিন্তিত নয়।

যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রদূত দাবি করেন, সম্প্রতি ইরানের সামরিক হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আরব দেশগুলো বুঝতে পেরেছে কেবল মার্কিন অস্ত্র তাদের পূর্ণ নিরাপত্তা দিতে পারে না। মক্কা চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়েরই একটি সম্পূরক অংশ।

মক্কা চুক্তিতে ইরানের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ইরান নিজে থেকে যোগ দেওয়ার প্রস্তাব না দিলেও সদস্য দেশগুলো আহ্বান জানালে তেহরান তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন