ধউর-আশুলিয়া সার্ভিস সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
ধউর-আশুলিয়া সার্ভিস সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ৩ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে সেতু দুটির উদ্বোধন করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্মিত সেতু দুটি সম্পূর্ণ টোলমুক্ত রাখা হয়েছে। সাধারণ যানবাহন ও পথচারীরা এতে যাতায়াত করতে পারবেন। তবে নিরাপদ চলাচলের স্বার্থে সেতুতে নির্দিষ্ট তিন ধরনের উচ্চতা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা অতিক্রমকারী যানবাহন চলাচল করতে পারবে না।

সাভার, আশুলিয়া ও ঢাকার মধ্যকার যানজট ও যাত্রীভোগান্তি কমাতে এই বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পুরো এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ইপিজেড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ নিরবচ্ছিন্ন উড়াল সড়ক নেটওয়ার্ক তৈরি হবে। এ ছাড়া সাভার-বাইপাইল এলাকার যানজট নিরসনে বাইপাইল মোড়ে একটি মাল্টি-লেভেল ইন্টারচেঞ্জ এবং মেট্রোরেল লাইন-১ এর সাথে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৬৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৬ দশমিক ০২ শতাংশ সম্পন্ন হয়েছে। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের তত্ত্বাবধানে চলা এ প্রকল্পটি ২০৩০ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। চালু হলে এটি দেশের জিডিপিতে প্রায় ০.২১৭ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন