চট্টগ্রামে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

সকালবেলা অনলাইন: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাঁচলাইশ ও খুলশী এলাকায় প্রায় ১০ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সজল কান্তি দাশ নগরীর পাঁচলাইশ থানার সানন্দা আবাসিক এলাকায় এবং সারোয়ার জাহান নুর খুলশী এলাকার রূপসী হাউজিংয়ে বসবাস করছিলেন।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন যুবলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে দলীয় নানা অপতৎপরতা চালনা এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন