গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রাপ্তি মল্লিক পূজা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে পরিবারের সদস্যরা কক্ষের সিলিং ফ্যানের সাথে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রাপ্তি মল্লিক পূজা পুবাইলের ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন পূজা। সোমবার সকালে তিনি নিয়মিত ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয়ে যান। ক্লাস শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল সেরে নিজের শোবার ঘরে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে তাঁর ভাই পাশের অন্য একটি কক্ষের ফলস সিলিং দিয়ে ওই কক্ষে উঁকি দিয়ে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে দ্রুত দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ মরদেহটির সুরতহাল সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য নানা কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

মন্তব্য করুন