সেপ্টেম্বরে বৃষ্টি কম হলেও হতে পারে স্বল্পমেয়াদি বন্যা
নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বর্ষণে কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত মাসিক পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের এই সামগ্রিক পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।
সাগরের পরিস্থিতি তুলে ধরে বিশেষজ্ঞ কমিটি জানায়, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।
দেশের নদ-নদীর অবস্থা নিয়ে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে সামগ্রিকভাবে স্বাভাবিক পানির প্রবাহ বজায় থাকতে পারে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও উজান থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিম্নাঞ্চল ও অববাহিকায় সাময়িক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর আরও উল্লেখ করেছে, সেপ্টেম্বর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং দৈনিক গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।