সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৬ আসামি গ্রেপ্তার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে জামপুর ইউনিয়নের আমবাগ গ্রাম থেকে একাধিক মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি দেওয়ান আরজুকে (৫৫) ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। দেওয়ান আরজু ওই গ্রামের মৃত দেওয়ান বিল্লালের ছেলে।
একই অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোগরাপাড়ার সোহেল (২০), সম্ভূপুরার মোঃ রিপন মিয়া (২৬) ও কাঁচপুরের রোমানকে (২২) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি কাঁচপুরের মোঃ আব্দুল্লাহ (৩৫) ও সাদিপুরের বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, পরোয়ানা তামিল ও মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা