বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সোমবার (৪ মে ২০২৬) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবনির্বাচিত সদস্যরাও দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও জোটের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জান্নাত/সকালবেলা