বিশেষ প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক মাস পর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক পদে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. আমিনুল ইসলামকে (রুটিন দায়িত্ব) পদায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতিষ্ঠানে দীর্ঘদিনের প্রশাসনিক অনিশ্চয়তার অবসান ঘটল।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদায়নের মাধ্যমে ব্রি-তে চলমান প্রশাসনিক স্থবিরতা ও গবেষণার ধীরগতি দ্রুতই কেটে যাবে। দীর্ঘদিন মহাপরিচালক পদটি শূন্য থাকায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তা নতুন নেতৃত্বের অধীনে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে বিজ্ঞানী ও কর্মকর্তারা মনে করছেন। ব্রির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক স্বস্তি লক্ষ্য করা গেছে।
ব্রির সচেতন বিজ্ঞানী ও কর্মচারীদের প্রত্যাশা, নতুন মহাপরিচালকের অধীনে গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি দ্রুত স্বাভাবিক কর্মছন্দে ফিরবে। এছাড়া সাম্প্রতিক সময়ে নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছে, সেগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন জোরালো দাবিও সংশ্লিষ্ট মহলে রয়েছে।
ড. আমিনুল ইসলামের এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রির সকল স্তরের কর্মীরা। তারা বিশ্বাস করেন, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির যে অনন্য ভূমিকা রয়েছে, এই নতুন নেতৃত্বের অধীনে তা আরও শক্তিশালী ও কার্যকর হবে।
এ.আই.এল/সকালবেলা