কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা অনুষ্ঠিত
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শ্রদ্ধা, আলোচনা সভা ও সংবর্ধনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠের জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা জামায়াতের আমির রমজান আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এআইএল/সকালবেলা
|