ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে এবং এই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে দাবি করার বিতর্কিত আইন অনুমোদন করেছে। ইসরায়েলের এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ অবস্থান তৈরি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার উপায় খুঁজতেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. খলিলুর রহমান ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের চিরস্থায়ী ও নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করবেন। এছাড়া জেদ্দায় অবস্থানকালে তিনি ওআইসিভুক্ত বেশ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন, যা বাংলাদেশের নতুন সরকারের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ