মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার

মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার

পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'আজহার স্টুডেন্টস ফোরাম' এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে। রোববার (১ মার্চ) ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের মারকাজুজ তাদবির হলে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ এবং সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহারী।

ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রথা 'মাদফা আল-ইফতার' বা কামান দাগানোর আনুষ্ঠানিকতা পালন করে আবাসিক হল কর্তৃপক্ষ। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। এরপর প্রথা অনুযায়ী খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় করেন। পরবর্তীতে মূল অনুষ্ঠানস্থলে দেশীয় খাবারের সমাহারে ইফতারের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কৃতি সন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা শরীফ সালাহউদ্দিন। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান করেন। তারা আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান অর্জন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের মূল লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। একইসঙ্গে ইখলাস ও সামাজিক দায়বদ্ধতার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিদেশের মাটিতে আয়োজিত এই ইফতার মাহফিলটি বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে জেলাভিত্তিক এই মিলনমেলা শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও আন্তরিকতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।

এ/সকালবেলা

মন্তব্য করুন