ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। এদিন তিনি একদিকে যেমন কৃষকদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় সভাপতিত্ব করেছেন, অন্যদিকে উন্নয়ন অংশীদার চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
সচিবালয়ের বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় তিনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের হাতে সুফল পৌঁছে দিতে 'কৃষক কার্ড' চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত এই কার্ড বিতরণের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেন, যাতে প্রকৃত কৃষকরা সরকারি ভর্তুকি ও ফসলের সঠিক দাম পান।
আন্তঃমন্ত্রণালয় সভার আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের এই উপস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণমুখী ও আধুনিক রাষ্ট্র গঠনের যে রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন, আজকের এই সভার সিদ্ধান্তগুলো তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ