স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচির সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (১৭ জুন) স্পিকারের সংসদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে স্পিকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে অভিহিত করেন এবং বাংলাদেশের বিভিন্ন খাতে দেশটির শর্তহীন বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন্য দেশটির সহযোগিতা কামনা করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম—এ বিষয়টিও স্পিকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন। জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘ ও জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি স্পিকারকে অবহিত করেন।
বৈঠককালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।
|