ইসরাইলি সামরিক ঘাঁটি স্থাপনের খবর গুজব: সোমালিল্যান্ড

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
ইসরাইলি সামরিক ঘাঁটি স্থাপনের খবর গুজব: সোমালিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিল্যান্ডে ইসরাইলের সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছে সোমালিল্যান্ড সরকার।

সোমালিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মেদ ইউসেফ আলি এ বিষয়ে স্পষ্ট করে জানান, ইসরাইলের সঙ্গে সেখানে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা চলছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ইসরাইল বর্তমানে সোমালিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে—এটি সত্য, তবে সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর প্রচারিত হচ্ছে তা কেবলই গুজব। ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্টগুলোর কোনো ভিত্তি নেই।

এর আগে গত ডিসেম্বরে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইসরাইল। তবে ইসরাইলের এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে সোমালিয়া এবং একে তাদের সার্বভৌমত্বের ওপর ‘ইচ্ছাকৃত আঘাত’ হিসেবে অভিহিত করেছে। এই কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি ইসরাইল সফর করেন এবং জেরুজালেমে নিজ দেশের একটি দূতাবাসও উদ্বোধন করেন।

মন্তব্য করুন