খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য নিরাপদ থাকবে না; আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল খাদ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়; এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দ্য অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ (এটিএলবি) আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। ২০১৩ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যাত্রা শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত বিকাশ ঘটেনি। বর্তমান সরকার সংস্থাটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে।
রপ্তানিমুখী পণ্যের মান বজায় রাখার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে রপ্তানির জন্য মানসম্মত পণ্য তৈরি করে দেশের বাজারে নিম্নমানের পণ্য ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করার ওপর জোর দিয়ে আফরোজা খানম বলেন, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে অযথা সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা তৈরি করা হবে এবং তাঁদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়ন করা হবে।
খাদ্যমন্ত্রী আরও জানান, জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি আধুনিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে গড়ে তোলা হবে। আগামী তিন বছরের মধ্যে এগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে এবং দ্রুত ফলাফল পাওয়া যাবে।
বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানোর কথা বলেন তিনি। সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করায় ব্যবসায়ীদের সময় ও অর্থ অপচয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
খাদ্য নিরাপত্তায় সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিক উপায়ে সনদ দেওয়া মেনে নেওয়া হবে না। খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে কার্যকর আইন প্রয়োগ এবং অপরাধীদের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান জরুরি। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরীক্ষাগার ও বিশেষজ্ঞসহ সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমেই দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এফবিসিসিআইয়ের প্রশাসক তাঁর বক্তব্যে পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের দাম বৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এআইএল/সকালবেলা