বিএনপি সমর্থক চার হিন্দু পরিবারের বাড়িতে নিষিদ্ধ আ.লীগের হামলা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
বিএনপি সমর্থক চার হিন্দু পরিবারের বাড়িতে নিষিদ্ধ আ.লীগের হামলা

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এআইএল/সকালবেলা