পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন। এর আগে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন যে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে পরিষ্কার ও বোধগম্য। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের ওই নৃশংস ঘটনার পর নানা ধরনের অপতথ্য ও মিথ্যা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পিত চেষ্টা চালানো হয়েছিল।

সশস্ত্র বাহিনীকে দেশের বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তারেক রহমান আহ্বান জানান, ভবিষ্যতে আর কেউ যাতে এই বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সেজন্য দেশবাসীকে পুনরায় শপথে বলীয়ান হতে হবে। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এটাই হওয়া উচিত আজকের 'শহীদ সেনা দিবস'-এর মূল প্রত্যয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন